নিউজ প্রবাসী ডেক্স :
কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনেমাটির সঙ্গে যুক্ত থাকার কথা থাকলেও অভ্যন্তরীণ কিছু সমস্যার কথা জানতে পেরে তিনি আর এতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন।
রায়হান খান পরিচালিত সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করার কথা ছিল ফারিয়ার। গত বছর সিনেমাটির সঙ্গে যুক্ত হলেও এখনো তার অংশের কোনো শুটিং শুরু হয়নি।
নুসরাত ফারিয়া জানান, নির্মাতা রায়হান খান তার ঘনিষ্ঠজন। সিনেমাটি নিয়ে তার সঙ্গে কথাও হয়েছিল। তবে প্রকল্পটির ভেতরের কিছু সমস্যার কথা শুনে তিনি আর এতে যুক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
অভিনেত্রীর ভাষ্য, সিনেমাটির বড় একটি অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। তবে তার চরিত্রের দৃশ্যগুলো মূলত আদালতকেন্দ্রিক হওয়ায় সেগুলোর শুটিং এখনো শুরু হয়নি।
‘ট্রাইব্যুনাল’ নির্মিত হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে। এতে তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রাসহ আরও অভিনয়শিল্পী রয়েছেন।
এর আগে নির্মাতা রায়হান খান জানিয়েছিলেন, সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে মুক্তির পরিকল্পনা থাকলেও তানিয়া বৃষ্টির অসুস্থতার কারণে একপর্যায়ে কাজ থেমে যায়।
এদিকে নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের কাজও প্রায় শেষের দিকে। পাশাপাশি নতুন সিনেমা ‘লজ্জা’য় অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন আজমেরী হক বাঁধন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।