নিউজ প্রবাসী ডেক্স :

সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার বিকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ব্যারিস্টার শফিক আহমেদের মরদেহ প্রথমে রাজধানীর ইন্দিরা রোড খেলার মাঠে জানাজার জন্য নেওয়া হবে। সকাল ১১টায় সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নেওয়া হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, যেখানে দুপুর দেড়টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মরহুমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আইন অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন এবং দেশের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দুই দফায় দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। আইন পেশা ও বিচার ব্যবস্থায় তাঁর দীর্ঘ অবদানের জন্য তিনি সুপরিচিত ছিলেন।
তার মৃত্যুতে আইন অঙ্গন ও বিচারিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, আইনজীবী ও বিভিন্ন মহল তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts