নিউজ প্রবাসী ডেক্স :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজেরা বেগম (৪২) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, মৃত্যুর আগে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেও বারবার অনুরোধের পর চিকিৎসক তাকে দেখতে আসেননি।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে হাজেরা বেগমের মৃত্যু হয়। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের শেখের বাড়ির বাসিন্দা এবং আক্তার হোসেনের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাজেরাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার অবস্থার অবনতি হলে স্বামী আক্তার হোসেন কর্তব্যরত চিকিৎসক প্রিয়াঙ্কাকে রোগী দেখার অনুরোধ করেন।
স্বজনদের অভিযোগ, একাধিকবার অনুরোধের পরও চিকিৎসক রোগীর কাছে যাননি। একপর্যায়ে রোগীকে বেড থেকে কাঁধে করে চিকিৎসকের কক্ষে নিয়ে আসার কথা বলা হয়। আক্তার হোসেন একা তাকে নিয়ে যেতে পারবেন না জানালে রোগীকে অক্সিজেন দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই হাজেরার মৃত্যু হয়।
আক্তার হোসেনের দাবি, সময়মতো চিকিৎসা পাওয়া গেলে তার স্ত্রীর মৃত্যু হয়তো এড়ানো সম্ভব হতো।
এ বিষয়ে চিকিৎসক প্রিয়াঙ্কার বক্তব্য জানতে সাংবাদিকরা হাসপাতালে গেলে কার্ডিওলজি কনসালট্যান্ট জয়ন্ত মালাকার বক্তব্য দিতে বাধা দেন। তিনি জানান, ওই রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল এবং লিভারের জটিল চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব নয়।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নাছের শাকিল বলেন, চিকিৎসকের কর্তব্যে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts