
নিজস্ব প্রতিবেদক :
প্রান্তিক, দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে ভুক্তভোগী জনগণের সমন্বয় জোরদার করতে রিসার্চ ইনিশিয়েটিভ্স বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে একটি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর এবং সঞ্চালনা করেন মিনা বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার নির্মল কুমার হাজরা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ চন্দ্র সরকার, জুনিয়ার পল্লী উন্নয়ন অফিসার কোবাদুল ইসলাম, ১২নং ফতেপুর ইউনিয়নের ইউপি সদস্য কায়েম আলী, দৈনিক রানার পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান রাজীব এবং দৈনিক স্পন্দনের রিপোর্টার মাসুম বিল্লাহ।
সভায় ভুক্তভোগী জনগণ তাদের জীবনমান উন্নয়নে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত নানা প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার হক বলেন, প্রান্তিক, দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর নারীরা আজ যেভাবে নিজেদের সমস্যার কথা সরাসরি তুলে ধরছেন, তা অত্যন্ত ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক। তিনি বলেন, “আপনাদের সমস্যাগুলো আমি শুনেছি। আমার অবস্থান থেকে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো।”
সমাপনী বক্তব্যে সভাপতি বাবুল চন্দ্র সূত্রধর বলেন, রিইব-এর মূল লক্ষ্য হলো সরকার ও ভুক্তভোগী জনগণের মধ্যে কার্যকর সমন্বয় সৃষ্টি করা এবং সমস্যা সমাধানে মানুষের সক্ষমতা বৃদ্ধি করা। তিনি আরও বলেন, আজকের সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনা বাস্তবায়ন করতে পারলে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
সভায় সার্বিক সহযোগিতা করেন রিইব-এর গবেষণা সহকারী পলাশ পাল।