
নিউজ প্রবাসী ডেক্স :
দেশের শিক্ষা ও প্রাথমিক শিক্ষা খাতে বিপুল সংখ্যক মামলা বিচারাধীন থাকায় নানা প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১৩ হাজার মামলা আদালতে ঝুলে থাকায় শিক্ষক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে জট তৈরি হয়েছে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মামলা জটিলতার কারণে প্রায় ৩২ হাজার ৫০০ সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে উন্নীত করা যাচ্ছে না। একই সঙ্গে নতুন করে শিক্ষক নিয়োগও আটকে আছে।
শিক্ষামন্ত্রী বলেন, “মামলার কারণে আমরা যেমন পদোন্নতি দিতে পারছি না, তেমনি নতুন নিয়োগও দিতে পারছি না। ফলে পুরো ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রায় ৭৭ হাজার শিক্ষক অন্তর্ভুক্ত করার কাজও চলমান রয়েছে।
সরকার শিক্ষা খাতের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে ধীরে ধীরে সমস্যার সমাধান হবে।
এছাড়া কওমি মাদ্রাসার জন্য নীতিমালা প্রণয়নের কাজও এগিয়ে চলছে বলে জানান তিনি। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরির চেষ্টা চলছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।