নিউজ প্রবাসি ডেক্স :
দেশের বাজারে নতুন ৫জি স্মার্টফোন এনেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। ‘রেডমি ১৭ ফাইভজি’ মডেলের এই ফোনে বড় ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।
শাওমি বাংলাদেশ জানিয়েছে, ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। দ্রুত চার্জ দেওয়ার জন্য রয়েছে ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি। নকশায় ভিন্নতা আনতে পেছনের প্যানেলে যুক্ত করা হয়েছে ডায়নামিক আরজিবি লাইট।
রেডমি ১৭ ফাইভজিতে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পর্দার সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। পাশাপাশি ধুলাবালি ও পানির ঝাপটা থেকে সুরক্ষার জন্য রয়েছে আইপি৬৪ রেটিং।
ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে শাওমির হাইপারওএস ৩। ছবি তোলার জন্য পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রাখা হয়েছে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, রেডমি ১৭ ফাইভজি বাজারে আনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ৫জি স্মার্টফোনের পরিসর আরও বিস্তৃত হলো। তাঁর মতে, ৫জি প্রযুক্তি শুধু দামি স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ ব্যবহারকারীদের নাগালেও পৌঁছে দেওয়া প্রয়োজন।
‘ব্ল্যাক’ ও ‘ভিভিড অরেঞ্জ’—দুই রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩১ হাজার ৯৯৯ টাকা। দেশের শাওমির অনুমোদিত স্টোর ও রিটেইল পার্টনারদের কাছে ফোনটি বিক্রি হচ্ছে।