নিউজ প্রবাসী ডেক্স :

গুরুতর অসুস্থ স্বামীর পাশে থাকার সুযোগ চেয়ে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির সাত দিনের প্যারোলে মুক্তির আবেদন করেছেন তার মেয়ে তানি দীপাবলী নাওয়াজ।
বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ আবেদন জমা দেওয়া হয়। বর্তমানে হত্যা ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় বন্দি অবস্থায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন দীপু মনি।
আবেদনে উল্লেখ করা হয়, দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে ক্যান্সার, লিভার জটিলতা ও স্ট্রোকে ভুগছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। সম্প্রতি রক্ত দেওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানানো হয়।
আবেদনে বলা হয়েছে, প্রায় ২১ মাস ধরে কারাবন্দি থাকায় স্বামীর চিকিৎসা ও পাশে থাকার সুযোগ পাননি দীপু মনি। বর্তমান সংকটময় পরিস্থিতিতে মানবিক বিবেচনায় তাকে সাময়িক মুক্তি দেওয়া প্রয়োজন।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, স্বামীর শারীরিক অবস্থার অবনতির কারণে পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক জানান, আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts