
নিউজ প্রবাসী ডেক্স :
ক্ষমতায় আসার ১০০ দিন পূর্তি উপলক্ষে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের বিভিন্ন কার্যক্রম, সিদ্ধান্ত ও উন্নয়ন উদ্যোগ তুলে ধরে একটি ই-ডায়েরি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অফিস।
বুধবার প্রকাশিত ৩১ পৃষ্ঠার এই ই-ডায়েরিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, বাস্তবায়িত প্রকল্প, অর্থনৈতিক অগ্রগতি এবং প্রশাসনিক সংস্কারের তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, বিএনপি সরকারের প্রথম ১০০ দিন জাতির সামনে “আশাবাদ ও ইতিবাচক পরিবর্তনের বার্তা” নিয়ে এসেছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এটি সরকারের ১০০ দিনের কর্মকাণ্ডের একটি দলিল, যেখানে সিদ্ধান্ত গ্রহণ থেকে বাস্তবায়নের চিত্র বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে।
ই-ডায়েরিতে উল্লেখ করা হয়, এ সময়ে সরকার দুই শতাধিক উদ্যোগ ও প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে—৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ, ৬৬৬টি খালে খনন কার্যক্রম, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশে নেমে আসা।
এছাড়া পদ্মা ব্যারাজের অনুমোদন, বিমান বহর সম্প্রসারণ, জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসা, ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের ভাতা প্রদান এবং ভূমিসেবা অটোমেশন কার্যক্রমের কথাও উল্লেখ করা হয়েছে।
ডায়েরিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক আচরণ ও জীবনধারাকে “নতুন রাজনৈতিক সংস্কৃতি” হিসেবে তুলে ধরা হয়। সরকারি বাসভবনের পরিবর্তে ব্যক্তিগত বাসভবন ব্যবহার, সীমিত প্রটোকল, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা এবং তরুণদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময়ের বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
সরকারের দাবি, প্রথম ১০০ দিন ছিল প্রশাসনিক পুনর্গঠন, জনআস্থা পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার ভিত্তি তৈরির সময়।