নিউজ প্রবাসী ডেক্স :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর বৈশ্বিক সংস্থাটির প্রতি মানুষের আস্থা পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
নির্বাচনে জয় পাওয়ার পর জাতিসংঘ সদরদপ্তরে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমি আপনাদের সবার সভাপতি হব। সব সদস্য রাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই দায়িত্ব পালন করব।”
১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৯০ দেশের ভোটে অনুষ্ঠিত নির্বাচনে খলিলুর রহমান পান ৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট।
নবনির্বাচিত সভাপতি বলেন, যুদ্ধ-সংঘাত, মানবাধিকার সংকট ও উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার কারণে বর্তমানে জাতিসংঘ কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে সংস্থাটির প্রতি বৈশ্বিক আস্থা ফিরিয়ে আনতে ছয়টি মূল ভিত্তির ওপর কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।
জাতিসংঘ–এর ভূমিকা নিয়ে তিনি বলেন, “বিশ্বজুড়ে বহুপাক্ষিক সহযোগিতা নানা চাপের মুখে রয়েছে। আর্থিক সংকটের কারণেও জাতিসংঘ তার অনেক প্রতিশ্রুতি পূরণে হিমশিম খাচ্ছে।”
দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে খলিলুর রহমান বলেন, ব্যক্তিগত মতামত কখনও সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে প্রভাব ফেলবে না। মতভেদ দূরে রেখে অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা করবেন বলেও জানান তিনি।
ছোট প্রতিনিধিদল থাকা দেশগুলোর জন্য বিশেষ সহায়ক টিম গঠনের কথাও বলেন তিনি। একই সঙ্গে ভৌগোলিক, ভাষাগত ও লিঙ্গ ভারসাম্য বজায় রেখে নিজের দপ্তর পরিচালনার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদকে আমি শুধু একটি পদ নয়, বরং একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেখি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts