
নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার আদালত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন। বহুল আলোচিত এ মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগের তদন্তের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নতুন করে ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর দীর্ঘ সময় ধরে আত্মহত্যা নাকি হত্যা—এ প্রশ্নে বিভিন্ন সংস্থা তদন্ত করলেও তার পরিবার বরাবরই হত্যার অভিযোগ তুলে আসছে। সর্বশেষ আদালতের নির্দেশে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে এবং আগামী ২৩ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে।