নিউজ প্রবাসী ডেক্স:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের কাছাকাছি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন নর্থ ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে ভবনটির ছাদে মেরামতকাজ চলার সময় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস নাউয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সকাল ১১টা ১০ মিনিটের দিকে নর্থ ব্লক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা যায়, ভবনের ভেতরে ভাঙা-গড়ার কাজ এবং ছাদে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার একটি বয়লারে ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, নর্থ ব্লকের ছাদে স্থাপিত একটি এসি বয়লারে আগুন লাগে। ঝালাইয়ের কাজ চলাকালে শর্টসার্কিটের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দেন শিবসেনার নেতা ও রাজ্যসভার সদস্য মিলিন্দ দেওরা। তিনি জানান, সংসদের দিকে যাওয়ার সময় নর্থ ব্লকের পেছন দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেছেন। একই সঙ্গে ভবনে অবস্থানরত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবাদানকারী দলের দ্রুত সাড়া দেওয়ার প্রত্যাশা জানান তিনি।

নর্থ ব্লক ভারতের সেন্ট্রাল ভিস্টা প্রশাসনিক এলাকার একটি গুরুত্বপূর্ণ ভবন। এখানে দেশটির স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়সহ কয়েকটি কেন্দ্রীয় সরকারি দপ্তর রয়েছে। ফলে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনিক মহলে গুরুত্ব তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts