
নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আসামি মনির হোসেনের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। সোমবার চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুনানিকালে আসামি নিজেকে নির্দোষ দাবি করেন।
ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালত মামলার বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন।
ট্রাইব্যুনালের পিপি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসামি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তবে তার পক্ষে কোনো সাফাই সাক্ষী কিংবা নথিপত্র আদালতে উপস্থাপন করা হয়নি।
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জি এম জাহেদ হোসেন বলেন, অভিযোগ পড়ে শোনানোর পর আসামি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি পূর্বেও অভিযোগ করেছিলেন যে, ঘটনার পর স্থানীয়দের মারধরের মুখে তাকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল।
গত বুধবার মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে তিন কার্যদিবসে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার তা সম্পন্ন হয়। মামলায় মোট ২২ জনকে সাক্ষী করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ মে চট্টগ্রামের চেয়ারম্যান ঘাটা এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে শিশুটির বাবা বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং ৯ জুন আদালত অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন।