নিউজ প্রবাসী ডেস্ক:

ইউরোপের সঙ্গে বাণিজ্যিক বিরোধ ও সুরক্ষাবাদী নীতির টানাপোড়েনের মধ্যেও জার্মানির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় চীন। দেশটি জার্মানি থেকে উন্নত মানের পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন শিল্প খাতে যৌথ সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এ আগ্রহের কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে লি কিয়াং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য ও উন্মুক্ত সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। সরকারি পর্যায়ে আলোচনা ও যোগাযোগ বাড়িয়ে পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

চীন জার্মানির সঙ্গে গাড়ি, রাসায়নিক, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্রযুক্তি এবং পরিবেশবান্ধব শিল্প খাতে সহযোগিতা বাড়াতে চায়। এসব ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগ ও বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বেইজিং।

এদিকে একই দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও জার্মানির সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ওপর গুরুত্ব দেন। স্টাইনমায়ারের সঙ্গে বৈঠকে তিনি চীনের প্রতি ‘যুক্তিসংগত, বাস্তবসম্মত ও বন্ধুত্বপূর্ণ’ নীতি অনুসরণের আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য নিয়ে মতবিরোধ বাড়লেও জার্মানির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ধরে রাখা ও সম্প্রসারণে চীনের এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts