নিউজ প্রবাসী ডেক্স :

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০ জনেরও বেশি দগ্ধ ও আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
রোববার গভীর রাতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পুরো বারজুড়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক প্রাণহানি ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে মানুষ আতঙ্কিত হয়ে বের হওয়ার চেষ্টা করছেন। অনেককে আগুনে দগ্ধ অবস্থায় ছুটে বের হতেও দেখা যায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts