নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানী ঢাকায় টানা বর্ষণে গত ২৭ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সোমবারও কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারি বর্ষণের কারণে ঢাকার বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সোমবার দুপুর ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আগামী ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক কম থাকতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এরপর আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, ভারি বর্ষণের সময় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং জলাবদ্ধ এলাকায় চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।