নিউজ প্রবাসী ডেক্স :
থানায় দায়ের করা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায়ও জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদি। এর ফলে তার বিরুদ্ধে থাকা তিনটি মামলাতেই জামিন মঞ্জুর হওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তৌহিদ আফ্রিদির পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী ইকবাল মাহমুদ শোভন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
আইনজীবী জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে দুটি মামলায় তিনি আগেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। সর্বশেষ ওয়ারী থানার মামলায়ও জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ওয়ারী থানার মামলায় অভিযোগ করা হয়, গত বছরের জানুয়ারিতে সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অনলাইনে ফ্রিল্যান্সিং কাজের প্রলোভনে পড়ে টেলিগ্রামভিত্তিক একটি প্রতারণা চক্রের মাধ্যমে ধাপে ধাপে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা হারান। পরে এ ঘটনায় ওয়ারী থানায় মামলা দায়ের করা হয় এবং তৌহিদ আফ্রিদিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গত বছরের ১৭ আগস্ট গুলশান এলাকা থেকে তার বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।