নিউজ প্রবাসী ডেক্স ::

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়েছে। বঙ্গভবন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে দেশের বাইরে থাকায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে পারছেন না।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির দপ্তরের একাধিক কর্মকর্তা ও তার ঘনিষ্ঠ সূত্র জানায়, স্পিকার দেশে ফিরলেই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে চিকিৎসার জন্য স্পিকার থাইল্যান্ডে অবস্থান করছেন।
তবে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. নূরুল আমীন জানিয়েছেন, এখন পর্যন্ত রাষ্ট্রপতি কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি। পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বঙ্গভবনের একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ বিবেচনায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার ঘনিষ্ঠরাও জানিয়েছেন, তিনি শিগগিরই দায়িত্ব ছাড়তে পারেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইঙ্গিত দিয়েছেন।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরিত পত্র পাঠিয়ে পদত্যাগ করতে পারেন। আর রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। তার বর্তমান মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts