নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা: আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে ব্রিকসের ১১ সদস্য দেশের পাশাপাশি কয়েকটি দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হতে পারে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ভারতের পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “আমন্ত্রণ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। আমরা সেটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।”
এই আমন্ত্রণকে বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী সম্মেলনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।