নিউজ প্রবাসী ডেক্স :
অভিযোগপত্রের পরও অভিযোগ গঠন হয়নি, দ্রুত বিচারের দাবি পরিবারের
ঢাকার পূর্ব রাজাবাজারে ইসলামী ফ্রন্টের নেতা ও টেলিভিশনের ইসলামী অনুষ্ঠান উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের ১২ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি মামলার বিচার।
২০১৪ সালের ২৭ আগস্ট নিজ বাসায় দুর্বৃত্তদের হামলায় কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় নুরুল ইসলাম ফারুকীকে। এ ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলানগর থানায় মামলা করেন।
হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পর ২০২৪ সালের ৫ নভেম্বর মামলার তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। অভিযোগপত্রে হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে উল্লেখ করা হয়। মতাদর্শগত বিরোধের জেরে জঙ্গি সংগঠন জেএমবির একটি অংশ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও তদন্তে উঠে আসে।
বর্তমানে মামলাটি ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে রয়েছে। গত ২০ আগস্ট শুনানি হলেও অধিকতর শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করা হয়েছে।
নিহত ফারুকীর পরিবার বলছে, এক যুগ পার হলেও বিচার শুরু না হওয়ায় তারা মর্মাহত। তাদের দাবি, দ্রুত অভিযোগ গঠন করে মামলার বিচার শেষ করা হোক এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।