নিজস্ব প্রতিবেদক, যশোর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়মিত প্রস্তুতি নিয়ে শ্রেণিকক্ষে আসতে হবে। নির্ধারিত সময়ে নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা সম্ভব হবে।
তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আনন্দদায়ক করতে হবে। বিদেশের আধুনিক শিক্ষা ব্যবস্থার ইতিবাচক দিকগুলো অনুসরণ করে পাঠদানকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে পারলে শিক্ষার উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়বে।
যশোরে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে প্রধান শিক্ষক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে পিটিআই অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চান। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে। পাঠদানকে আনন্দময় করতে লেখাপড়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ডিবেট ক্লাব ও সাংস্কৃতিক ক্লাবসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব আধুনিকায়ন করা হবে। খেলার মাঠ দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর কবীর, বিএম শাহীন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন, পিটিআই সুপার আসাদুজ্জামান এবং জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মাজেদুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন মনিরামপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম নূরে এলাহী, শার্শা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বীনা রানী সরকার, কেশবপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ, ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাহাঙ্গীর আলম, হৈবতপুর মানিকদিহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেনুল সুলতানা, সাদুল্ল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুল ইসলাম, চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম এবং পুলেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিনিয়া সুলতানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts