নিউজ প্রবাসী ডেক্স :
দেব-শুভশ্রীর প্রত্যাবর্তনে উন্মাদনা, ‘দেশু ৭’-এর টিজারে অ্যাকশন-রোমান্সে ঝলক
দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা দেব ও শুভশ্রী গাঙ্গুলির বহুল আলোচিত সিনেমা ‘দেশু ৭’-এর টিজার প্রকাশ পেয়েছে। টিজারে দীর্ঘদিন পর এই জনপ্রিয় জুটির রোমান্সের পাশাপাশি দেবকে দেখা গেছে দুর্দান্ত অ্যাকশন অবতারে।
সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটে দেব ও শুভশ্রীকে নিয়ে ফেসবুক লাইভের সঙ্গে প্রকাশ করা হয় সিনেমাটির টিজার। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা।
টিজারে দেবের চরিত্রের নামও ‘দেব’। গল্পে দুই প্রেমিক-প্রেমিকার বিচ্ছেদ, দীর্ঘ অপেক্ষা এবং আবার কাছাকাছি আসার ইঙ্গিত মিলেছে। একসময় বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটি মানুষ কীভাবে পরিস্থিতির টানে ফের একে অপরের জীবনে ফিরে আসে, সেই গল্পই উঠে আসতে পারে সিনেমায়।
টিজারের শুরুতে শুভশ্রীকে বলতে শোনা যায়, “তুমি কে? আমি যে দেবকে চিনতাম, তুমি তো সে নও।” এরপরই দেখা যায় একের পর এক অ্যাকশন দৃশ্যে দেবকে। কখনো হাতে অস্ত্র, আবার কখনো আগুনের মধ্যেও দেখা যায় তাঁকে। একই সঙ্গে লাদাখের মনোরম প্রাকৃতিক পরিবেশে দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্যও দর্শকদের নজর কেড়েছে।
টিজারের শেষ অংশে শুভশ্রী দেবকে ফিরে যেতে বললে জবাবে দেব বলেন, “এবার ফিরলে একা ফিরব না, তোমাকে নিয়ে ফিরব।” এই সংলাপটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।
সিনেমাটির প্রচার পোস্টে লেখা হয়েছে, “পেয়েও পেলাম না, হারিয়েও হারালাম না।” এই একটি বাক্যও সিনেমার গল্প নিয়ে দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।
শুধু দেব-শুভশ্রী নন, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। টিজারে তাঁর উপস্থিতি দেখা গেলেও চরিত্রটি নিয়ে রহস্য রাখা হয়েছে।
এরই মধ্যে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের আরেকটি প্রমাণ মিলেছে। মুক্তির প্রায় নয় মাস আগেই এর ৭ হাজার ‘গোল্ডেন টিকিট’ বিক্রি হয়ে গেছে। দেব জানিয়েছেন, মাত্র দুই ঘণ্টার মধ্যেই এসব টিকিট বিক্রি হয়েছিল। তখন সিনেমার গল্প কিংবা চূড়ান্ত নামও নির্ধারিত হয়নি।