নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্ত। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বহিষ্কারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ২৯ আগস্ট বিমানবন্দর থানায় ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেন মো. সুমন নামে এক ব্যক্তি। মামলার পর ওই রাতেই পুলিশ আল-আমিন হোসেন শান্ত ও আব্দুর রউফ নামে দুজনকে গ্রেপ্তার করে। মামলার অপর দুই আসামি রিপন হোসেন ও রানা হোসেন রুবেল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর এ ঘটনায় ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। রিমান্ড শেষে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts