নিউজ প্রবাসী ডেক্স :
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল। এ সময় ঢাকাগামী তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মঙ্গলবার সকাল ৭টার দিকে বাগাতিপাড়ার লোকমানপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম জানান, সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া সাগরদাঁড়ি এক্সপ্রেস লোকমানপুর এলাকা অতিক্রম করার সময় রেললাইনের একটি অংশ ভেঙে যায়। তবে ট্রেনটি নিরাপদে ওই স্থান পার হয়ে যায়।
পরে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু হলে রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং মধুমতি এক্সপ্রেস হরিয়ান স্টেশনে আটকা পড়ে।
প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে মেরামত কাজ শেষ হলে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে আটকে থাকা তিনটি ট্রেন বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
হঠাৎ রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।