নিউজ প্রবাসী ডেক্স :
যশোর কোতোয়ালি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগের দুই মৃত নেতাকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন প্রায় ১২ বছর আগে এবং অপরজনের মৃত্যু হয়েছে চার বছর আগে।
রোববার শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। মামলায় সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পাঁচ সাবেক সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ৫৬ নম্বর আসামি উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. তবিবর রহমান মারা যান ২০২২ সালের ১৬ এপ্রিল। অন্যদিকে, মামলার ৭৭ নম্বর আসামি চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী মারা যান ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিল বের করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা ‘জাতীয় শোক দিবস’ লেখা একটি ব্যানার ফেলে রেখে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এজাহারে আসামির বাবার নাম উল্লেখ না থাকলে একই নামে অন্য কেউ থাকতে পারেন। তবে কোনো মৃত ব্যক্তির নাম ভুলবশত মামলায় অন্তর্ভুক্ত হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। :::

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts