নিউজ প্রবাসী ডেক্স :
বগুড়ার শিবগঞ্জে সড়কে হঠাৎ সামনে চলে আসা এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হলেও তার স্ত্রী অক্ষত রয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী শুক্রবার সকালে ঢাকা থেকে তার নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ এর উদ্দেশে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। পথে গোপিনাথপুর এলাকায় ফিরোজা নামে এক বৃদ্ধা হঠাৎ গাড়ির সামনে চলে আসেন।
তাকে রক্ষা করতে চালক দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ পরিবর্তনের চেষ্টা করলে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমির খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর পথচারী নারী ফিরোজাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তার আঘাত গুরুতর নয়।
শিবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, প্রতিমন্ত্রী দুর্ঘটনায় সামান্য আঘাত পেয়েছেন এবং গাড়িতে থাকা তার স্ত্রী পুরোপুরি সুস্থ রয়েছেন।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন। এদিকে খাদে পড়ে থাকা দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts