নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক মোটরসাইকেল আরোহীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার বিকাল ৪টার দিকে রাজধানীর খামারবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান প্রধানমন্ত্রী।
তেজগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর আগমন ও অনুষ্ঠানে জনসমাগমের কারণে খামারবাড়ি মোড় থেকে ফার্মগেটমুখী সড়কের একটি লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। অন্য লেন দিয়ে স্বাভাবিক যান চলাচল অব্যাহত ছিল।
প্রধানমন্ত্রীর গাড়িবহর অনুষ্ঠানস্থলে প্রবেশের পর ওই মোটরসাইকেল আরোহী বন্ধ থাকা লেন দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে পুলিশের দাবি। এ সময় দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পরে মোটরসাইকেলসহ ওই যুবককে তেজগাঁও থানার হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, সড়কের ওই লেন বন্ধ থাকার বিষয়টি তার জানা ছিল না।
ওসি মো. মনিরুজ্জামান বলেন, যুবকের পূর্ববর্তী অপরাধের কোনো সন্দেহজনক রেকর্ড এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তাকে জিজ্ঞাসাবাদসহ সব বিষয় যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।