নিউজ প্রবাসী ডেক্স :
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাইওনিয়ার বেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫৭ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি ইন্টারনেট সংযোগ। পাশাপাশি কয়েকটি ভবনে বিদ্যুৎ ও পানি সরবরাহও বন্ধ রয়েছে।
রোববার গভীর রাতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) কার্যালয়ের সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি কক্ষে। এতে কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, গুরুত্বপূর্ণ নথি, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর পাইওনিয়ার বেজসহ আশপাশের দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ছাড়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) ও বায়েকের বিভিন্ন কার্যালয়ের ইন্টারনেট সংযোগও বন্ধ রয়েছে। এতে প্রকল্পে কর্মরতদের আন্তঃযোগাযোগ ও নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।
প্রকল্পসংশ্লিষ্ট একজন সাইট ইনচার্জ জানান, বুধবার দুপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়নি। কাস্টমস ভবন ও ক্যান্টিনেও বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে বলে জানান তিনি।
রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, সার্ভার রুমের প্রযুক্তিগত সরঞ্জাম ও কাগজপত্র পুড়ে যাওয়ায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
অগ্নিকাণ্ডের বিষয়ে প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। প্রকল্প পরিচালক কবীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।