
নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানান, ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতি, নার্স ও স্টাফদের গাফিলতি এবং প্রশাসনিক ব্যর্থতা শিশু মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯০০ বর্গফুটের একটি কক্ষে নবজাতক, রোগী ও স্বজনসহ প্রায় ৫০ জন অবস্থান করছিলেন। দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় কক্ষের অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়।
কমিটির মতে, বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, অক্সিজেন সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবই শিশু মৃত্যুর সম্ভাব্য কারণ। এছাড়া নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলেও দ্রুত চিকিৎসকের সহায়তা নিশ্চিত করা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্তে হাসপাতাল ভবনকেও চিকিৎসাসেবা পরিচালনার জন্য অনুপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে বেসরকারি হাসপাতালের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ভবনের উপযুক্ততা ও পরিবেশগত ছাড়পত্র নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী রোববার জানানো হতে পারে।