
নিউজ প্রবাসী ডেক্স :
ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে ‘অ্যামিভান্টাম্যাব’ নামের একটি বিশেষ ইনজেকশন। আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধ প্রয়োগ করে গবেষকরা আশাব্যঞ্জক ফল পেয়েছেন। পরীক্ষায় অংশ নেওয়া অনেক রোগীর টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়েছে, এমনকি কয়েকজনের ক্ষেত্রে সম্পূর্ণ নির্মূলও হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১১টি দেশে পরিচালিত এই গবেষণায় এমন রোগীদের অন্তর্ভুক্ত করা হয়, যাদের ক্যানসার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েছিল কিংবা আগের চিকিৎসায় কার্যকর ফল পাওয়া যাচ্ছিল না। গবেষণায় অংশ নেওয়া ১০২ জন মাথা ও গলার ক্যানসার আক্রান্ত রোগীর মধ্যে ৪৩ জনের টিউমার ছোট হয়ে যায় বা পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এর মধ্যে ১৫ জনের টিউমার সম্পূর্ণ নির্মূল হওয়ার তথ্য উঠে এসেছে।
বিশেষজ্ঞরা জানান, ‘অ্যামিভান্টাম্যাব’ মূলত তিনভাবে কাজ করে। এটি টিউমার বৃদ্ধিতে সহায়ক একটি প্রোটিনের কার্যক্রম বন্ধ করে, ক্যানসার কোষের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে এবং শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে টিউমারের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে।
লন্ডনের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের অধ্যাপক কেভিন হ্যারিংটন বলেন, যেসব রোগীর ক্ষেত্রে কেমোথেরাপি কিংবা প্রচলিত চিকিৎসা কাজ করছিল না, তাদের জন্য এই ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক।
গবেষকরা আরও জানান, ফুসফুস, পাকস্থলী, মস্তিষ্ক ও মলাশয়ের ক্যানসারের ক্ষেত্রেও এই ইনজেকশনের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে জনসন অ্যান্ড জনসনের তত্ত্বাবধানে প্রায় ৬০টি ক্লিনিক্যাল ট্রায়াল চলমান রয়েছে।
প্রচলিত ক্যানসার চিকিৎসার তুলনায় এই ইনজেকশন প্রয়োগ পদ্ধতিও সহজ। শিরায় স্যালাইন আকারে না দিয়ে ত্বকের নিচে ছোট ইনজেকশনের মাধ্যমে ওষুধটি দেওয়া হয়। প্রতি তিন সপ্তাহে একবার প্রয়োগ করা এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়াও তুলনামূলক কম বলে জানিয়েছেন গবেষকরা।