
নিউজ প্রবাসী ডেক্স :
নেত্রকোণায় মা ও দুই মেয়ের পর চালকের মৃত্যু, হাসপাতালে আরও ২ আহত
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার সদর উপজেলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক মা, তার দুই মেয়ে এবং ইজিবাইক চালক। এ ঘটনায় আহত আরও দুইজন নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ইজিবাইক চালক রায়হান মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকাল পৌনে ৪টার দিকে তিনি মারা যান।
নিহত রায়হান মিয়া সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা। একই গ্রামের নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ছোট মেয়ে ইতি আক্তার (১০) ঘটনাস্থল বা হাসপাতালে নেওয়ার পর মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারলা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি বাসের নিচে ঢুকে পড়ে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক মা ও দুই মেয়েকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা সদর থানার ওসি মো. আল মামুন সরকার জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং শ্যামগঞ্জ হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।