নিউজ প্রবাসী ডেক্স :

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডকে ‘মহা অপরাধ’ আখ্যা দিয়ে এর কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।
প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই হত্যার সমুচিত প্রতিক্রিয়া জানানো হবে এবং দায়ীদের অনুতপ্ত হতে বাধ্য করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, “আমাদের শীর্ষ নেতার পবিত্র রক্ত গর্জনময় ঝরনার মতো প্রবাহিত হয়ে আমেরিকান-জায়নবাদী নিপীড়ন ও অপরাধ নির্মূল করবে।”
শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়। পরে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম নিশ্চিত করে যে, ওই হামলায় খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুতে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়।
এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক সামরিক অভিযান’ শুরু করতে যাচ্ছে। এতে দখলকৃত ভূখণ্ড ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুর পর দেশটির শাসন কাঠামো অনুযায়ী ধর্মীয় বিশেষজ্ঞদের পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts