
নিউজ প্রবাসী ডেক্স :
প্রায় এক দশক পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন ডনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধ্যায় বেইজিংয়ে অবতরণের পর তাকে লাল গালিচা সংবর্ধনা ও সামরিক গার্ড অব অনার দিয়ে স্বাগত জানায় চীন।
বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংসহ শীর্ষ কর্মকর্তারা। এ সময় চীনা শিশু-কিশোররা দুই দেশের পতাকা নেড়ে ট্রাম্পকে স্বাগত জানায়।
এই সফরে ট্রাম্পের সঙ্গে রয়েছেন অ্যাপলের টিম কুক, টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক, ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্কসহ যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। ফলে সফরটি কেবল কূটনৈতিক নয়, বাণিজ্য ও প্রযুক্তিগত সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি প্রতিযোগিতা, তাইওয়ান ইস্যু এবং ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সফরের আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে চীনের বাজার আরও উন্মুক্ত করার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও চীনের এই বৈঠকের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।