
নিউজ প্রবাসী ডেক্স :
বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার তেল রপ্তানির ওপর দেওয়া নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, মূলত জ্বালানি সংকটে পড়তে পারে—এমন আশঙ্কায় থাকা বিভিন্ন দেশের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর বৈঠকের ফাঁকে কয়েকটি দেশের অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা এই সময়সীমা বাড়ানোর আহ্বান জানান।
হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন বন্ধ থাকায় অনেক দেশ বিকল্প উৎস খুঁজতে হিমশিম খাচ্ছে।
এ পরিস্থিতিতে নিষেধাজ্ঞা শিথিল থাকায় সংশ্লিষ্ট দেশগুলো আরও এক মাস ইরান ও রাশিয়া থেকে সমুদ্রপথে তেল আমদানির সুযোগ পাবে, যা বিশ্ববাজারে চাপ কিছুটা কমাতে সহায়তা করতে পারে।
তবে এই সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে ওয়াশিংটন জানিয়েছিল, নির্ধারিত সময় শেষে আর কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা বিবেচনায় সেই কঠোর অবস্থান থেকে সরে এসেছে তারা।
বিশ্লেষকদের মতে, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বড় শক্তিগুলো এখন বাস্তবতা বিবেচনায় নীতি সমন্বয়ে বাধ্য হচ্ছে।