নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ শহরে একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে কথা কাটাকাটির জেরে মারধরের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতের দিকে শহরের একটি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নীরব (২২)। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম আলিনুর বিশ্বাস।
পুলিশ জানায়, মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য নীরব ওই ফিলিং স্টেশনে গেলে কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিনি সেখান থেকে চলে গিয়ে অন্য একটি পাম্পে যান। পরে আবার আগের পাম্পে ফিরে এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।
পরিস্থিতি এক সময় মারামারিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ফিলিং স্টেশনের কয়েকজন কর্মচারী লাঠি দিয়ে তাকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন নীরব।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আলম জানান, ঘটনার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে নজরদারি বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts