নিউজ প্রবাসী ডেক্স :

ডালাসে ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তির জানান দিল ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলের সঙ্গে জুড বেলিংহ্যাম ও মার্কাস র‍্যাশফোর্ডের একেকটি গোলে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে টমাস টুখেলের দল।
ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইংল্যান্ড। বলের দখল ও আক্রমণ—দুই ক্ষেত্রেই এগিয়ে থাকা দলটি গোলের জন্য ২২টি শট নেয়, যার ১১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ক্রোয়েশিয়া ১০টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন হ্যারি কেইন। প্রথম শট গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দিলেও ভিএআরের সিদ্ধান্তে পুনরায় নেওয়া শটে সফল হন ইংল্যান্ড অধিনায়ক।
তবে ৩৬তম মিনিটে মার্তিন বাতুরিনার দূরপাল্লার দুর্দান্ত গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। পাঁচ মিনিট পর ডেক্লান রাইসের কর্নার থেকে হেডে আবারও ইংল্যান্ডকে এগিয়ে দেন কেইন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেতার মুসার গোলে আবারও সমতা ফেরায় ক্রোয়াটরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জুড বেলিংহ্যামের দারুণ গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে তারা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে বদলি খেলোয়াড় মার্কাস র‍্যাশফোর্ড গোল করে জয় নিশ্চিত করেন।
এই ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ডে কিংবদন্তি গ্যারি লিনেকারের পাশে জায়গা করে নিয়েছেন হ্যারি কেইন। পাশাপাশি তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করা দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবেও নাম লেখান তিনি।
দাপুটে এই জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ইংল্যান্ড। অন্যদিকে লড়াই করেও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts