
নিউজ প্রবাসী ডেক্স :
বৈশাখের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের প্রভাব অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের অন্তত ছয়টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
রংপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় এ তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। দিনভর তীব্র রোদ ও ভ্যাপসা গরমে জনজীবন হয়ে উঠেছে অস্বস্তিকর।
তবে কিছুটা স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া বিভাগ। তারা জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টিপাত হলে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পাবে। শুক্রবারও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে শনিবার থেকে আবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। তবে অধিকাংশ স্থানে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।