নিউজ প্রবাসী ডেক্স :

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা যশোরে এসে বিপুল জনতার ভালোবাসা ও ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার বেলা ১১টার দিকে বিমানে যশোর পৌঁছালে বিমানবন্দর এলাকা মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে।
বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত পথজুড়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। যশোর শহরের পাশাপাশি জেলার আট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা ফুলের তোড়া ও মালা হাতে তাকে শুভেচ্ছা জানান। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংবর্ধনায় বিএনপির বিভিন্ন শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের পাশাপাশি পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।
সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যশোরসহ সারাদেশের মানুষের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন এবং দেশের স্বার্থ রক্ষায় দায়িত্ব পালনে আপসহীন থাকবেন।
পরে তিনি কারবালা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে তার পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।
দলীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতিমন্ত্রী হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতের দায়িত্ব পালন যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts