
নিউজ প্রবাসী ডেক্স :
আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি জানিয়েছেন, বর্তমানে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকির তথ্য নেই।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন ও নিরাপদ করতে শহীদ মিনার এলাকাকে ইনার ও আউটার পেরিমিটারে ভাগ করে বহুমাত্রিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে থাকবে ফুট পেট্রোল, যানবাহন টহল ও স্ট্রাইকিং রিজার্ভ।
নিরাপত্তা জোরদারে মোতায়েন থাকবে বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। আন্দোলন বা দাবি আদায়ের নামে জনদুর্ভোগ সৃষ্টি কিংবা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানোর কোনো সুযোগ দেওয়া হবে না।
এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক জানান, শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, দেশের বিভিন্ন স্থানে অবস্থিত শহীদ বেদীগুলোতেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারেন।