নিউজ প্রবাসী ডেক্স :

যশোরে বাসের নিম্নমানের সার্ভিস নিয়ে প্রতিবাদ করায় দিগন্ত পরিবহনের এক সুপারভাইজার ও তার সহযোগীদের হামলায় মনিরুজ্জামান (২৭) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আহত মনিরুজ্জামান কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের হিজলতলা গ্রামের তজিবর রহমানের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে দিগন্ত পরিবহনের একটি বাসে যশোরের উদ্দেশ্যে রওনা দেন মনিরুজ্জামান। যাত্রাপথে বাসের সার্ভিস ও যাত্রীসেবার মান নিয়ে সুপারভাইজারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
পরে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে বাসটি যশোর কোতোয়ালি মডেল থানাধীন নিউমার্কেট এলাকায় পৌঁছালে সুপারভাইজার ও তার কয়েকজন সহযোগী মনিরুজ্জামানকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তার ভাই ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts