নিউজ প্রবাসী ডেক্স :

ভয়ভীতিহীন সাংবাদিকতার পরিবেশ তৈরি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমকে সুষ্ঠু ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দিলে কোনো রাষ্ট্রীয় পরিকল্পনাই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়।
শনিবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই দায়িত্ববোধ থেকেই তিনি গণমাধ্যমের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। তবে একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জবাবদিহিতাও নিশ্চিত করা জরুরি। এই ভারসাম্য বজায় রেখেই সরকার গণমাধ্যমের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।
সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, পেশাগত কোনো সংকট বা সমস্যা সাংবাদিকতার নিজস্ব নীতিমালা ও কাঠামোর মধ্যেই সমাধান হওয়া উচিত। প্রশাসনিক হস্তক্ষেপ পেশাগত স্বাধীনতাকে ক্ষুণ্ন করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরে মন্ত্রী জানান, ওয়েজ বোর্ডকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।
এসময় তিনি কৃষি ও অবকাঠামো উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথাও জানান। ২০ হাজার কিলোমিটার খাল খননের মাধ্যমে কৃষি জমিতে পানির সরবরাহ নিশ্চিত করা, পায়রা বন্দরের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা জোরদার করা এবং ভোলার গ্যাস জাতীয় পর্যায়ে সরবরাহের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সরকারের ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা শিগগিরই জনসমক্ষে উপস্থাপন করা হবে, যেখানে আশু ও দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts