নিউজ প্রবাসী ডেক্স :

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
শনিবার রাতে দুই নেতার মধ্যে টেলিফোনে কথোপকথনের সময় তিনি এই উদ্বেগ প্রকাশ করেন বলে জানিয়েছে কাতারভিত্তিক রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
কাতারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলাপচারিতায় মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। বিশেষ করে ইরানের সাম্প্রতিক হামলার পর কাতার ও উপসাগরীয় অঞ্চলে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা নিয়েও তারা মতবিনিময় করেন।
ফোনালাপে কাতারের আমির চলমান সংকট দ্রুত নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে তিনি সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানান।
আলোচনায় উভয় নেতা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় যৌথভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তারা মনে করেন, উত্তেজনা কমাতে এবং নতুন করে সংঘাত এড়াতে রাজনৈতিক ও কূটনৈতিক পথই সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ইরানকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি অঞ্চলটিকে আরও অস্থির করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts