
নিজস্ব প্রতিবেদক :
প্রায় ছয় বছর পর বহুল প্রতীক্ষিত নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে যশোর ইনস্টিটিউট। ত্রিবার্ষিক এই নির্বাচনে ২০টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা ইতোমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩,০২৯ জন। নির্বাচনে দুটি প্রধান প্যানেল মুখোমুখি অবস্থানে রয়েছে। একদিকে এজেডএম সালেক স্বপনের নেতৃত্বাধীন ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, অন্যদিকে আনিসুজ্জামান পিন্টুর নেতৃত্বে ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’। এছাড়া রয়েছেন দুইজন স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচন সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরে প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালান। সরাসরি প্রচারণা শেষ হলেও এখন ডিজিটাল মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। ফেসবুক, এসএমএস এবং রেকর্ডেড ফোনকলের মাধ্যমে চলছে শেষ মুহূর্তের প্রচার।
প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে আশাবাদী। সংস্কার ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তারা জয়ী হবেন। অন্যদিকে পরিবর্তন ও উন্নয়ন পরিষদ বলছে, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় সদস্যদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।
ভোটারদের মাঝেও দেখা যাচ্ছে উৎসবমুখর পরিবেশ। দুই প্যানেলের হ্যান্ডবিল বিশ্লেষণ করে অনেকেই ইতোমধ্যে নিজেদের পছন্দের প্রার্থী নির্ধারণ করে ফেলেছেন।
সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর এই নির্বাচন ঘিরে যশোরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এখন দেখার বিষয়—ভোটের মাঠে শেষ হাসি হাসে কোন প্যানেল।