
নিউজ প্রবাসী ডেক্স :
যশোর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিচারক বেগম মাহমুদা খাতুন। বর্তমানে তিনি নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব (প্রশাসন-১) মাসুম বিল্লাহ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তাকে যশোরে জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ২৮ আগস্ট তৎকালীন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম রাজশাহীতে বদলি হওয়ার পর যশোরে এই পদে পরিবর্তন ঘটে। পরে ৫ নভেম্বর মোহাম্মদ আলী সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব নেন।
তবে চলতি বছরের ৫ জানুয়ারি তাকে অন্যত্র বদলি করা হলে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান পদটি শূন্য হয়ে পড়ে। এরপর থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকেরা দায়িত্বপ্রাপ্ত হিসেবে আদালতের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
এদিকে দীর্ঘদিন প্রধান বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম নিয়ে আইনজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি বিশেষ সাধারণ সভা করে কয়েকটি আদালত বর্জনের কর্মসূচিও পালন করে।
পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার নতুন জেলা ও দায়রা জজ হিসেবে বেগম মাহমুদা খাতুনকে নিয়োগ দিয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর জানান, নতুন নিয়োগ পাওয়া বিচারক আগামী রোববার যশোরে এসে দায়িত্ব গ্রহণ করবেন বলে তারা জানতে পেরেছেন।