নিউজ প্রবাসী ডেক্স :

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক গৃহবধূর মরদেহ প্রায় ৪২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার তালতলা খেয়াঘাট এলাকার ভৈরব নদী থেকে তার লাশ উদ্ধার করে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস।
নিহত গৃহবধূর নাম সাবিনা বেগম (২৫)। তিনি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাঁধন বিশ্বাসের স্ত্রী।
নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনজিত কুমার সেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন তালতলা খেয়াঘাটের কাছে নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি সাবিনা বেগমের বলে শনাক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে খুলনা থেকে বাড়ি ফেরার পথে সাবিনা বেগমের মোবাইল ফোন হারিয়ে যায়। বিকেলে অভয়নগরের ভাটপাড়া খেয়াঘাটে নৌকায় ওঠার পর মোবাইল হারানোর বিষয়টি নিয়ে তার শাশুড়ির সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে তিনি মাঝনদীতে ঝাঁপ দেন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও নৌপুলিশসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করলেও তখন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts