
নিউজ প্রবাসী ডেক্স :
২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে বড় সুখবর পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাঁটুর চোট কাটিয়ে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন দলের নির্ভরযোগ্য সেন্টারব্যাক ক্রিস্তিয়ান রোমেরো। ফলে শেষ ষোলোয় কেইপ ভার্ডের বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা জোরালো হয়েছে।
গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় জর্ডানের বিপক্ষে খেলতে পারেননি ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। তবে সোমবার ক্যানসাস সিটিতে দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনে অংশ নেওয়ায় তার দ্রুত সুস্থ হয়ে ওঠার বিষয়টি নিশ্চিত হয়েছে।
কোচ লিওনেল স্কালোনি আগেই আশা প্রকাশ করেছিলেন, নকআউট পর্বের আগেই রোমেরো দলে ফিরবেন। সেই আশাই এখন বাস্তবে রূপ নিচ্ছে।
গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী শনিবার বাংলাদেশ সময় ভোরে চমক জাগানো দল কেইপ ভার্ডের মুখোমুখি হবে লিওনেল মেসিদের দল। রোমেরোর সম্ভাব্য প্রত্যাবর্তনে আর্জেন্টিনার রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।