
নিউজ প্রবাসী ডেক্স :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পূর্ণভাবে আইন অনুযায়ী পরিচালিত হবে—এর বাইরে কোনো নির্দেশনা বা প্রভাব গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম।
সোমবার দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ট্রাইব্যুনাল একটি নির্দিষ্ট আইনের আওতায় পরিচালিত হয় এবং সেই আইনই হবে বিচারকার্যের একমাত্র ভিত্তি। কোনো ব্যক্তি বা পক্ষের ইচ্ছা অনুযায়ী বিচার পরিচালনার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে একই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির দায়িত্ব বুঝে নেন তিনি। বিদায়ী প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম–এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম।
নতুন প্রধান কৌঁসুলি বলেন, “যারা নিরপরাধ, তারা কোনোভাবেই হয়রানির শিকার হবেন না। তবে যারা প্রকৃত অপরাধী, তাদের ক্ষেত্রে আইনের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করা হবে।”
তিনি আরও জানান, জুলাইয়ের গণআন্দোলনে নিহত ও আহতদের প্রত্যাশা মাথায় রেখে বিচারকার্যে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে চান তিনি। চলমান ও ভবিষ্যতে দায়ের হওয়া মামলাগুলোতে প্রসিকিউশনের পক্ষ থেকে ন্যায়বিচার নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, বর্তমান প্রসিকিউশন টিমের বিরুদ্ধে কোনো অনিয়ম বা অভিযোগ থাকলে তা পর্যালোচনা করা হবে, তবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এ বিষয়ে মন্তব্য করতে তিনি আগ্রহী নন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা পূরণে আইনসম্মত ও স্বচ্ছ বিচারপ্রক্রিয়া বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নতুন প্রধান কৌঁসুলি।