
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর আদাবরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা। এ ঘটনায় পুলিশের গুলিতে আহত হয়েছেন দুই সন্দেহভাজন ছিনতাইকারী।
মঙ্গলবার বিকেলে ঢাকা উদ্যান এলাকায় অভিযানে গেলে ছিনতাইকারীরা আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা আহত হন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রুবেল, কাশেম, আমির ও জয় নামের চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আমির ও রুবেল পুলিশের গুলিতে আহত হয়েছেন।
এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে শেখেরটেক ৭ নম্বর সড়কের মাথায় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে নগদ সাড়ে তিন লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আহত শফিকুল ইসলামকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ ভর্তি করা হয়েছে।
পরিবারের দাবি, দোকানে ঢুকে দুর্বৃত্তরা ক্যাশে থাকা টাকা নেওয়ার চেষ্টা করলে বাধা দেন শফিকুল। এ সময় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা লুট করে পালিয়ে যায় তারা।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযানে নেমে সন্দেহভাজনদের আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।