
নিউজ প্রবাসী ডেক্স :
নয়াদিল্লির একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ হাই কমিশন। নিহত মোহাম্মদ নুরুল আমিন (৪৪) চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে।
হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই বাংলাদেশি পরিবারের সদস্যদের চিকিৎসা ও সার্বিক সহায়তা নিশ্চিত করতে কর্মকর্তারা হাসপাতালে অবস্থান করছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ হাই কমিশন। একই সঙ্গে আহত বাংলাদেশিদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে।