নড়াইল প্রতিনিধি :
নড়াইলে নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার হবখালীর বাগডাঙ্গা বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত সদস্য মোতায়েন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (কলস প্রতীক)–এর সমর্থকদের মধ্যে প্রথম দফা উত্তেজনা তৈরি হয় মাগরিবের নামাজের পর। এ সময় কলস প্রতীকের সমর্থকরা ধানের শীষের সমর্থক আশরাফুল শেখকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে।
এরপর এশার নামাজের পর একই এলাকায় আবারও দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের মোট ছয়জন আহত হন। কলস প্রতীকের সমর্থকদের মধ্যে আহতরা হলেন—হবখালী বিএনপির ওয়ার্ড সভাপতি সৈয়দ আতিয়ার রহমান, সৈয়দ মাহিন আলী, সৈয়দ রেন্টু আলী, সৈয়দ খেজির আলী ও সৈয়দ আইয়ুব আলী। অন্যদিকে ধানের শীষের পক্ষ থেকে আহত হয়েছেন আশরাফুল শেখ। আহত সবাই বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts