
নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের পশ্চিমবঙ্গে টানা দ্বিতীয় দিনের মতো তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা হামলার শিকার হয়েছেন। রোববার হুগলির চণ্ডীতলা থানার সামনে বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ইটের আঘাতে আহত হন তৃণমূলের বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে, তৃণমূল নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে থানায় ডেপুটেশন জমা দিতে গেলে একদল বিক্ষুব্ধ মানুষ তাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হলে মাথায় আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
পরে দলীয় নেতাকর্মীরা দ্রুত তাকে সরিয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। আহত অবস্থাতেই থানার সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বাংলায় এখন সাধারণ মানুষের নিরাপত্তা নেই। একজন সাংসদ যদি হামলার শিকার হন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হবে?”
তবে হুগলির গ্রামীণ পুলিশ সুপার কুমার সানি দাবি করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর পরিকল্পিত হামলার কোনো প্রমাণ মেলেনি। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হামলার শিকার হন। ওই ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।